বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের আমন্ত্রনে ২৮ ফেব্রুয়ারী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে মাননীয় প্রধান মন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ,সংসদ সদস্যবৃন্দ, উলামায়ে কেরাম, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ,শিক্ষাবিদ, চিকিৎসক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাগণ, সম্পাদক, আইনজীবী, লেখক, গবেষক, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট নাগরিকগন উপস্হিত ছিলেন।
বাংলাদেশের রাজনীতিতে সরকার ও বিরোধী দলের একত্রে একসঙ্গে একটি অনুষ্ঠানে উপস্হিতি রাজনৈতিক অংগনে সৈাহার্দ ও সম্প্রীতির এক অনন্য উদাহরন হয়ে থাকবে।
আমীরে জামায়াত ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, সংসদ নেতা ও মাননীয় প্রধান মন্ত্রীর উপস্হিতিতে যে বক্তব্য রাখেন তা ভবিষ্যৎ রাজনীতিতে এক ইতিবাচক পরিবেশ তৈরী করবে। তিনি বলেন:
“আমরা গতানুগতিক বিরোধীদল হিসেবে এই সংসদে কাজ করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ। জনগণের চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধীদল হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। সরকারের সকল সংগত পদক্ষেপে আমাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে। কিন্তু আমাদের বিবেচনায় আমরা যদি দেখি সরকার কোনো অসংগত সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছেন, আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করব। সরকার আমাদের পরামর্শ গ্রহণ করলে জাতি উপকৃত হবে আমরা কৃতজ্ঞ হবো। সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটিই আমরা পালন করব। আমরা জাতির অধিকারের পক্ষে দাঁড়াবো। আমরা এই সদিচ্ছা ও ধারণা রাখতে চাই যে- সরকার সংসদকে আগামীতে এগিয়ে যাওয়ার বাহনে পরিণত করবে। কোনো বাহন কখনো এক চাকায় চলে না, দুটো চাকা মিনিমাম লাগবে। সরকারি দল সামনের চাকা হলে বিরোধী দল হবে পিছনের চাকা।”
তিনি আরও বলেন, আমরা পথচলায় সমন্বয় চাই। পারস্পরিক সম্মানের জায়গাটা চাই। মহান জাতীয় সংসদের এক সেকেন্ডও নষ্ট হোক- আমরা তা প্রত্যাশা করি না। জাতীয় সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। যে সমস্ত কালো আইন আমাদের সংবিধানে রয়ে গেছে, সেগুলো দূর করতে আমরা সম্মিলিতভাবে প্রয়াস চালাবো। জাতিকে সম্মানিত জাতি হিসেবে বিশ্বের দরবারে দাঁড় করানোর জন্য যে আইন সংযোজনের প্রয়োজন আমরা প্রত্যাশা করব সরকারি ও বিরোধীদল সেভাবে এগিয়ে যাবো। তাহলে অতীতের হতাশার যে রাজনীতি জাতিকে গ্রাস করে আছে তার কড়াল গ্রাস থেকে এ জাতি আশা করি মুক্তি পাবে, ইনশাআল্লাহ। এসময় আমীরে জামায়াত ৪৭, ৫২, ৭১ ও ২০২৪ এর বীরদের শ্রদ্ধার সাথে স্মরণ ও জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা এবং বীরত্বপূর্ন জীবন নিয়ে তাদের বেঁচে থাকার তাওফিক কামনা করেন।
এ ইফতার মাহফিল বাংলাদেশের পুরনো ধারার রাজনীতির গতিপথ পরিবর্তন করে নতুন ধারার রাজনীতির শুভ সূচনা করুক।